পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদারের বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ ॥ সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকি
পিরোজপুরে নব্য ভূমিদস্যু প্রদীপ হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে শহিদ এক মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল ও হয়রানীমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি শহিদ পরিবারের সদস্যসহ পিরোজপুরের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মসিদ বাড়ির লোকজন। আজ শুক্রবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিকে, অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারের ছেলে স্বপন কুমার হালদার লিখিত বক্তব্যে জানান, শহর মাছিমপুরের মসিদবাড়ি এলাকার ভূমিদস্যু, মাদককারবারী ও চিহ্নিত সন্ত্রাসী প্রদীপ কুমার একই এলাকার ১৪৬০নং দাগের তার বাবা শহিদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারে নামীয় জায়গা দখল করে সেখানে ঘর তুলে জবর দখলে নেয়। পুলিশের কাছে এ অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে এবং স্থানীয় পৌর কাউন্সিলরের উপস্থিতিতে জায়গা ফেরত ও দুই মাসের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য লিখিক দেয় প্রদীপ হাওলাদার। কিন্তু তার পরেও প্রদীপ হাওলাদার দখল করে রাখা জায়গা ফেরত দিচ্ছে না এবং ঘর সরিয়ে নিচ্ছে না। শহীদ মুক্তিযোদ্ধা মনিন্দ্র নাথের ছেলে স্বপন কুমার হালদার জায়গা দখল নিতে গেলে তার উপর প্রদীপ হাওলাদার তার লোকজন নিয়ে সশস্ত্র হামলা করে ও বাঁধা দেয়। এ ঘটনার পরে আদালতে মামলা দায়েরসহ পুলিশ সুপার ও র্যাবের কাছে অভিযোগ দিয়েছেন হামলার শিকার স্বপন কুমার হালদার।
সংবাদ সম্মেলনে উপস্থিত সুদেব কুমার মসিদ বলেন, প্রদীপ হাওলাদার সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই ও ভূমি দস্যুতার মাধ্যমে জনজীবন অতিষ্ট করে তুলছে। এছাড়া প্রদীপের সাথে পুলিশের কিছু লোকজনের সাথে সখ্যতা থাকার সে নিরীহ লোকজনের পকেটে মাদকদ্রব্য দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েও হয়রানী করছে।
এদিকে, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বিভিন্ন মানুষের জমি জবর দখল করে নেয়া ও হয়রানী করার অভিযোগ রয়েছে মৃত বিমল হাওলাদারের ছেলে এই প্রদীপ হাওলাদারসহ তার (প্রদীপ) ভগ্নিপতি সুশীল হাওলাদার ও ভাগ্নেদের বিরুদ্ধে। তাদের এসব কার্যকলাপের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া, সম্পত্তি রক্ষা ও মালামাল রক্ষার দাবী জানিয়ে মসিদবাড়ি এলাকার বাসিন্দা সুদেব কুমার মসিদ, স্বপন কুমার হালদারসহ একাধিক ব্যক্তি পিরোজপুর পুলিশ সুপার, বরিশাল র্যাব-৮, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে।
এ সংবাদ সম্মেলনে মসিদ বাড়ির বাসিন্দা দেবরাজ মসিদ, নির্মল মসিদ, অমল মসিদ, বিশ্বজিৎ মসিদ বাপ্পী, সাবেক পৌর কমিশনার ভবতোষ মসিদ, জয় মসিদ, সুকান্ত মসিদ, তনু মসিদ, কাইয়ুম সিকদারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রদীপ হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি এসব মিথ্যা বলে দাবী করেন। অভিযোগের বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু অভিযুক্ত প্রদীপ হাওলাদারের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে কল দিলে তিনি (প্রদীপ) তার বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ মিথ্যা বলে দাবী করে বলেন, এ নিয়ে তার (প্রদীপ) বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশিত হলে প্রেসক্লাব সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
