নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের টাউনক্লাব সড়কে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্র নেতাদের গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পাশবিক নির্যাতন, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির অয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলা গ্লোবাল ল থিংকার্স সোসাইটির আহবায়ক জারাফা আলম ছোয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, কলেজ ছাত্র সাদমান শাহরিয়ার, আবরার, নাফিজ, নিয়াজ, স্কুলছাত্রী ডি কে দিব্যামনি প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এসকল হত্যা, ধর্ষণ বন্ধে এবং ধর্ষক ও খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
