এক ঘুষিতে প্রাণ গেল স্কুল ছাত্র রাজ্জাকের
এক ঘুষিতে প্রাণ গেল আব্দুর রাজ্জাক মাঝি নামে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের। আর এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিন রাজারকাঠী গ্রামে।
নিহত আব্দুল রাজ্জাক মাঝি (১২) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির ছেলে এবং রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
নিহত স্কুল ছাত্রের মামা ইলিয়াস মাঝি জানান, বুধবার সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য বল নিয়ে দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে তর্ক-বির্তক হলে স্থানীয় মৃত ফোরকান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার স্কুল ছাত্র রাজ্জাককে ঘুষি মারে। এসময় রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, স্কুল ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ফুটবল খেলা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে স্কুল ছাত্র রাজ্জাকের ঘাড়ে (গলার পিছনে) ঘুষি মারে মেহেদী হাওলাদার নামে আরেক স্কুল ছাত্র। এতেই ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত মেহেদী হাওলাদারকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। নিহত রাজ্জাকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
