স্বরূপকাঠীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পাশ এক ছাত্রী
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইউএনও’র হস্থক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সদ্য এসএসসি পাশ করা এক স্কুল ছাত্রী। ১৫ বছর বয়সী ওই ছাত্রীকে বিয়ে করতে আসা ৩৮ বছর বয়সী বর শাহ্ জামালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. মোশারফ হোসেন আদালত পরিচালনা করেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব অলঙ্কারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। স্কুল ছাত্রীকে বিয়ে করতে আসা বর শাহ জামাল উপজেলার সোহাগদল গ্রামের নুরমোহাম্মদ সরদারের ছেলে।
জানা গেছে, পূর্ব অলঙ্কারকাঠি গ্রামে ওই দিন একটি বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছে। এমন গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন ওই বাড়ীতে গিয়ে হাজির হন। ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পেয়ে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বিয়ে ভেঙ্গে দেন। আদালতে বরকে ৫০ হাজার টাকা ও ছাত্রীর পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইউএনও ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার নির্দেশ দেন।
