অস্বচ্ছল শিল্পিদের মাঝে সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অগ্রাধিকার ভিত্তিতে জেলার অস্বচ্ছল শিল্পি ও সংস্কৃতি সেবীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
বুধবার সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন।
প্রথম ধাপে পিরোজপুর সদর উপজেলার ৩২ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৬টি সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্য অস্বচ্ছল সংস্কৃতিসেবীদেরকেও এই আর্থিক অনুদান প্রদান করা হবে।
