মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে দমকল কর্মীসহ দুইজনের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শাজাহান চৌধুরী (৫০) ও দুপুরে দমকল কর্মী সিদ্দিকুর রহমান মারা যায়। তারা ৭/৮ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথায় ভুগছিলেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
মৃত শাজাহান চৌধুরী উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মোতাহার চৌধুরীর ছেলে ও সিদ্দিকুর রহমান পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। সে উপজেলার তুষখালী গ্রামের আ. রশীদের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে তারা সর্দি জ¦রে আক্রান্ত হন। সোমবার দুইজন শ্বাস কষ্টে গুরুতর অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অক্সিজেনের সংকটের কারণে কর্তব্যরত চিকিৎসক জরুরী ভিত্তিতে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা এ্যাম্বুলেন্সযোগে খুলনা ও বরিশাল নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মো. ফেরদৌস ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঠবাড়িয়ায় এ পর্যন্ত ৩৩ জন করোনা সংক্রমণে আক্রান্ত হন। এদের মধ্যে ২৫ জন চিকিৎসায় সুস্থ হয়েছেন। বাকি ৮ জনকে হোম আইসোলেশনে রেখে আক্রান্তদের যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে। শহরের থানাপাড়ার একটি মহল্লা রেড জোন বলবৎ রয়েছে।
