ভান্ডারিয়া পৌরসভা লকডাউন
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ২১ দিন ভান্ডারিয়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
গত ১৫ জুন রাতে ভান্ডারিয়ার ৪ জন পুলিশ সদস্য, ১ জন শিক্ষক, ১ জন সাংবাদিক, ১ জন ব্যবসায়ীসহ একদিনে মোট ৯ জনের করোনা আক্রান্তের পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পরপরই রাত ১২টার দিকে পিরোজপুর জেলা সিভিল সার্জনের বরাত দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভান্ডারিয়া পৌরসভাকে রেড জোন চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জনসচেতনাতামূলক প্রচার প্রচারণা চালানো হয়।
এদিকে, উপজেলায় গত দুই দিনে করোনা উপসর্গ নিয়ে এক শিক্ষক, দুই ব্যবসায়ী এবং এক বৃদ্ধসহ ৪ জন মারা গেছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম।
এরমধ্যে মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে ভান্ডারিয়া পৌর শহরের মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জোমাদ্দার (৫৫) মারা যান। রবিবার সন্ধ্যায় উপজেলা হাসপাতাল সংলগ্ন গুচ্ছ গ্রামে এক সবজি বিক্রেতা ও উপজেলার ধাওয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক বৃদ্ধ মারা যান। এ দিন দুপুরে ভান্ডারিয়া বাজারের এক হিন্দু পান ব্যবসায়ী মারা যান।
ভান্ডারিয়া উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৯জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন এবং ১৩ জনকে হোমকোরেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
