প্রধান সূচি

মঠবাড়িয়া পৌরসভার একটি ওয়ার্ডকে “রেড জোন” ঘোষণা করে লকডাউন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের থানাপাড়া, আজহার কলোনি ও পাথরঘাটা বাস স্ট্যান্ড অংশকে করোনা সংক্রমনের অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় তা প্রতিরোধে “রেড জোন” এর আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে উক্ত এলাকার চিহ্নিত করে “লাল নিশান” লাগিয়ে দিয়ে লকডাউন করা হয়েছে। এসব এলাকার খাবারের দোকান, ওষুধের ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ রবিবার মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উর্মি ভৌমিকের সভাপতিত্বে এক জরুরি সভায় সংক্রমণ প্রবণ এলাকাটিকে রেড জোনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পৌরসভার মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান, কাউন্সিলর কাজী কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাশেষে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পৌরসভার মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন এবং করনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি ঘোষনা দেন- লকডাউন এলাকার সুস্থ-সবল ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে কেবল দৈনন্দিন কাজকর্ম ও ইবাদত করতে পারবেন, জরুরি প্রয়োজন ছাড়া কোন ধরনের যানবাহন উক্ত এলাকায় আসা যাওয়া থেকে বিরত থাকবে। আরও বলা হয় কেউ এ বিধিনিষেধ ভঙ্গ করলে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন-২০১৮ আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রাকিবুল ইসলাম জানান, পৌরসভার আজাহার কলোনিতে একই পরিবারের তিনজনসহ মোট চারজন করোনা আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলায় ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial