পিরোজপুরে একদিনে ৬ জন করোনা রোগী সনাক্ত ॥ জেলায় মোট আক্রান্ত ১৭
পিরোজপুরে শুক্রবার সর্বাধিক সংখ্যক করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। একদিনে ৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতরা ইউনিয়নে এবং অপর ৩ জন জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭ জন।
পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে পিরোজপুরের ৬ জন নতুন করোনা পজেটিভ রোগীর রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জন সদর উপজেলায় এবং ভান্ডারিয়া উপজেলায় একই পরিবারের ৩ জন । আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন মহিলা। বৃহস্পতিবার এসব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।
পিরোজপুর সদর উপজেলার করোনা আক্রান্ত ৩ জনের মধ্যে দুই জনের বাড়ি শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে এবং অন্য একজনের বাড়ি ডুমুরিতলা গ্রামে। তিনজনই পুরুষ।
ভান্ডারিয়া উপজেলায় একই পরিবারের করোনা আক্রান্ত ৩ জনের বাড়ি ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে। এদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী রয়েছে।
সিভিল সার্জন জানান, করোনাভাইরাস আক্রান্তদের এলাকায় রাতেই স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
