করোনাভাইরাস ॥ পিরোজপুরে চলাচল করছে ইজিবাইক-মোটর সাইকেল
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে পিরোজপুরে বৃহস্পতিবার সকাল থেকে মার্কেটসমূহ, দোকাটপাট, বাস চলাচল বন্ধ থাকলেও জেলা শহরসহ বিভিন্ন এলাকায় চলছে ব্যাটারী চালিত ইজিবাইক, রিক্সা ও ভাড়ায় চালিত মোটর সাইকেল। লোকজনকে বাইরে চলাচল না করে ঘরে রাখার জন্য পিরোজপুর প্রায় লকডাউনের আওতায় আনার প্রচেষ্টা করা হলেও তা কিছুটা ব্যাহত হচ্ছে। মানুষজন এখনও একস্থান থেকে অন্য স্থানে যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ইজিবাইক, রিক্সা ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চলতে দেখা গেছে।
বাস চলাচল বন্ধ থাকার সুবাদে বর্তমানে ইজিবাইকগুলোতে ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়াও।
এদিকে, পিরোজপুরের চরখালী, বেকুটিয়া, আমড়াজুড়ি ফেরী চলাচল জরুরী প্রয়োজন ছাড়া বন্ধ থাকলেও এসব ঘাট থেকে চলাচল করছে ট্রলারে লোক পারাপার। আর এসব ট্রলারেও অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।
