করোনাভাইসরাস ॥ পিরোজপুরে বৃহস্পতিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
করোনাভাইসরাস প্রাদুর্ভাবরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে পিরোজপুরে মার্কেট, বিপনি বিতানসহ সকল প্রকার দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জেলা ব্যবসায়ী সমিতির এক জরুরী সভায় এ নির্দেশ দেয়া হয়েছে। জেলা সদরসহ জেলার সকল হাট-বাজারের দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। তবে ঔষধ, কাঁচা ও মাছ-মাংসের বাজার, মুদি, ফলের দোকান, বেকারী, সিলিন্ডার গ্যাস ডিলার ও চালের দোকান বন্ধের আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।
এদিকে, বুধবার থেকেই জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের দোকান-পাট বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমূল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জনসমাগম কমাতে হাটবাজার বন্ধ রাখা হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম জানান, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং সাধারণ মানুষের জীবন বাঁচাতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভান্ডারিয়া উপজেলার সকল প্রকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুদি দোকান ও কাঁচা বাজার খোলা থাকবে। বিকেল ৫টার পরে এসব দোকানও বন্ধ রাখতে বলা হয়েছে। শুধুমাত্র ঔষুধের দোকান সার্বক্ষনিক কোল থাকে।
এছাড়া বুধবার রাত ১২ টা থেকে জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। একই সাথে উপজেলায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, আমরা প্রবাসিদের পরিবারকে তাদের স্বজনদের বাড়িতে অবস্থানের কঠোর নির্দেশনাও দিয়েছি।
জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ ওবায়দুর রহমান জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারের জরুরী প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রাখতে মাইকিং করা হয়েছে। বিদেশ থেকে আগমনকারীদের উপর তদারকি করা হচ্ছে। কেউ এ নির্দেশ অমান্য করলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, জেলার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা স্ব উদ্যোগে গত মঙ্গলবার থেকেই বন্ধ করে দিয়েছে বলে জানান উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াহাব হাওলাদার।
স্বরূপকাঠী প্রতিনিধি জানান, করোনাভাইরাস প্রতিরোধে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বুধবার থেকে কাচবাজার, মুদি, সার, ঔষধ ও কীটনাশক দোকান ব্যাতিরেকে অন্যান্য সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
প্রশানের ঘোষণায় বলা হয়, ‘জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকল সচেতন নাগরিককে অনুরোধ করা হলো। জরুরী প্রয়োজনের মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য ও ঔষধ ক্রয়, মৃতদেহের সংস্কার, প্রার্থনাস্থলে গমন, চিকিৎসা প্রভৃতি।
এদিকে, বৃহস্পতিবার থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নেছারাবাদ উপজেলার জনগনের সঙ্গনিরোধ ও সামাজিক দূরত্ব স্থাপনের কাজেরত থাকবে সেনাবাহিনী। যে কোন অবস্থা বিবেচনায় কটোরভাবে এই সঙ্গনিরোধ বাস্তবায়ন করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।
