দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা ॥ করোনাভাইরাস মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি
করোনাভাইরাস মহামারি মোকাবেলায় পিরোজপুরে মাঠ পর্যায়ে ব্যাপক দুর্যোগ প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। করোনা পরিস্থিতির দেশব্যাপী দিন দিন ক্রমানবতির প্রেক্ষাপটে এ পরিস্থিতি বিপদজনক পর্যায়ে পৌঁছানোর আগেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই প্রস্তুতি গ্রহণ করছে।
রবিবার থেকে বিভিন্ন পর্যায়ের এ কমিটি জরুরী সভা করে মাঠ পর্যায়ে কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করে করোনা ভাইরাসের মহামারিজনিত দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রবিবার বরিশাল বিভাগীয় কমিশনারের নির্দেশে পিরোজপুরে জেলা কমিটি এ ধরণের একটি সভা করে। আজ সোমবার এ জেলার সকল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একই সভা করে নিজ নিজ এলাকার করোনাজনিত সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
রবিবার বিকালে পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এ সংক্রান্ত অনুষ্ঠিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান. সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী এবং কমিটির সদস্যরা অংশ নেন।
দুর্যোগ পরিস্থিতির আশঙ্কায় সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি, সতর্কিকরণ পর্যায়ে সাড়াদান, দুর্যোগকালীন পর্যায়ে সাড়া দান ও দুর্যোগ পরবর্তী পর্যায়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিরুপণ। সভায় জানানো হয় করোনা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বিভিন্ন সহায়তা দেয়ার নির্দেশ রয়েছে। কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে থাকা ব্যক্তিদের প্রয়োজনে পরিবার প্রতি এককালীন ৩০ কেজি চাল ও ৭৫০০ টাকা খয়রাতি সাহায্য প্রদান করা হবে।
এদিকে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সরকারের বাস্তবায়নকৃত বিভিন্ন প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত চাল সংশ্লিষ্টদের নির্ধারিত সময় খাদ্যগুদাম থেকে উত্তোলন করতে হবে। এছাড়া এ খাদ্য যাতে জেলার বাইরে পাচার না হয় সেদিকে পুলিশকে বিশেষ নজরদারি করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি করোনা প্রতিরোধে গঠিত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে স্ব স্ব এলাকায় কাজ করবে।
