পিরোজপুর আত্মকর্মসংস্থান নিশ্চিতে আইসিটি প্রশিক্ষণ বিষয়ক অবহিতকরণ সভা
পিরোজপুরে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিতে ‘লার্নিং এন্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের হেড কোচ সুশীলণ প্রতিনিধি মো. আব্দুল হামিদ এবং প্রশিক্ষণের বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন সফটসেল এর পরিচালক আতিকুল ইসলাম খান।
সভায় জানানো হয়, ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান এবং বার্ষিক ৫শ’ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে সরকারের আইসিটি বিভাগ কাজ করছে। ২০১৪ সালে চালু হওয়া ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের অধীনে বর্তমানে দেশের ৬৪ জেলায় দুই হাজার ব্যাচে ৪০ হাজার প্রশিক্ষণার্থী ৫০ দিনব্যাপী ২০০ ঘন্টার প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর ন্যূনতম একশ ডলার আয় নিশ্চিত করা হচ্ছে। পিরোজপুরে ১৬টি ব্যাচে ৪০০ জন তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণ দেয়া হবে। ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা ইন্টারনেটে ledp.ictd.gov.bd/registration ঠিকানায় আগামী ৩১ মার্চের মধ্যে রেজিষ্ট্রেশন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।
সভায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়াসিন খন্দকার, জেলা তথ্য অফিসার মো. শহিদুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ সরকারী কর্মকর্তা, জেলা আইসিটি প্রোগ্রামার, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, দেশের আইসিটি প্রশিক্ষিত তরুণরা মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। দেশে এখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি। এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা প্রয়োজন।
