প্রধান সূচি

পিরোজপুরের সেই জেলা জজ আব্দুল মান্নানকে কুড়িগ্রামে পদায়ন

পিরোজপুর থেকে প্রত্যাহার করা জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে কুড়িগ্রাম জেলায় পদায়ন করা হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব বুঝে নেবেন। বুধবার আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নানকে বর্তমান কর্মস্থল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হলো।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় গত ৩ মার্চ পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তৎকালীন পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান। এ আদেশের পরে এদিন বিকেলেই তাকে পিরোজপুর থেকে ষ্ট্যান্ড রিলিজ করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

সেদিন বিচারক আব্দুল মান্নানের দায়িত্ব পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাছরিনকে বুঝিয়ে দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাছরিন তার ক্ষমতা বলে একেএমএ আউয়াল দম্পতির জামিন দেন।

দুর্নীতির মামলায় একেএমএ আউয়াল ও তার স্ত্রীকে জামিন না দেওয়ায় বিচারক প্রত্যাহার করে পরবর্তীতে অন্য বিচারক নিয়োগ দিয়ে তাদের ফের জামিন দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial