দুর্নীতির মামলায় সাবেক এমপি আউয়ালের আদালতে হাজির হওয়ার খবরে পিরোজপুরে আদালত পাড়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
পিরোজপুর জেলা জজ আদালত এলাকায় আজ সোমবার সকাল থেকে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। জানা গেছে, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলার আসামী পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এদিন জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার কথা ছিল। আর এ কারণে আদালত আদালত পাড়াসহ আশেপাশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত এলাকায় জনসাধারণের চলাচলেও কিছু নিয়ন্ত্রন করা হয়। আদালতে মামলার কাজে আসা লোকজনকে তাদের আইনজীবী বা মহরারকে সাথে নিয়ে ঢুকতে দেয়া হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, দুর্নীতি মামলায় পিরোজপুর জেলা আদালতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এর হাজির হয়ে জামিন আবেদন করার খবর পেয়ে আদালত এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। তবে তিনি এ দিন আদালতে আসেন নি।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ উপজেলা) আসনের সাবেক এমপি এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভিনের বিরুদ্ধে গত বছরের ৩০ ডিসেম্বর পৃথকভাবে ৩টি মামলা দায়ের করে দুদক।
মামলাগুলোর মধ্যে একটিতে এএকএম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনকে আসামি করা হয়েছে। বাকি ২টিতে এককভাবে আসামি করা হয়েছে সাবেক এমপি আউয়ালকে। ৩টি মামলারই বাদী হয়েছেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর।
তবে তিনটি মামলায় বর্তমানে হাইকোর্টের আগাম জামিনে আছেন সাবেক এমপি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীন। গত ৭ জানুয়ারী হাইকোর্টের একটি বেঞ্চ তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন।
