মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষাসফর ও বনভোজন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ৩১তম বার্ষিক শিক্ষা সফর এবং বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফর উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভুবনেশ্বর খাল লাগোয়া কলেজ প্রাঙ্গন থেকে “চলো যাই বহুদুর” ব্যানার সাঁটোনো ১৭টি বাস, দুটি মাইক্রোবাস যোগে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ খুলনার বটিয়াঘাটা রানা রিসোর্স সেন্টার এন্ড এমিউজমেন্ট পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার পাশাপাশি অনুষ্ঠিত শিক্ষা সফর দুপুর দেড়টায় পার্কস্থলে পৌঁছায়। সেখানে গেলে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে পার্কের জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন এবং আমন্ত্রিত অতিথি ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজকে ফুলের শুভেচ্ছা জানান।
এসসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং জাতীয়পার্টি (জেপি) উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয়পার্টি (জেপি)র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, কলেজ পরিচালনা কমিটির সদস্য কিরন চন্দ্র বসু, মো. ইউসুফ আলী আকন প্রমুখ। সফররতরা প্রায় দুই একর জুড়ে অবস্থিত খুলনা-বটিয়াঘাটা সড়ক লাগোয়া পার্কের প্রবেশদ্বার থেকে ভিতরে প্রবেশ করে পার্কে থাকা অক্টোপাস, নাগরদোলা, রেল, মটরকার, ক্যাপচুল দোলা, দোলনাসহ বিভিন্ন রাইর্ডস এবং স্থান ঘুরে দেখা আর সেলফিতে ছবি তোলে শিক্ষার্থীরা। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পূর্বে পার্কের দ্বিতল ভবনে দুপুরের আহার শেষ করে সফররতরা। বিকেল সোয়াঁ ৫টায় গন্তব্যে পৌঁছানোর প্রাক্কালে পার্কে থাকা নয়নাভিরাম ওয়াটার পার্কে কৃত্রিম নীল সাগরের ঢেউ উপভোগ করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্ল্যেখ, নারী শিক্ষার অগ্রগতির লক্ষে ১৯৮৯ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত করেন সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
