ডা. মোজাম্মেল হোসেনের স্বপ্ন পূরণ করা হবে : শেখ হেলাল উদ্দিন এমপি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মরহুম ডা. মো. মোজাম্মেল হোসেন একজন ভাল মানুষ ছিলেন। তিনি সব সময় এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে নিয়ে চিন্তা করতেন। তিনি সারাজীবন জনগণের জন্য কাজ করে গেছেন। তার অন্যতম একটি স্বপ্ন ছিল মোড়েলগঞ্জের পানগুছি নদীর উপর সেতু নির্মান। তার এ স্বপ্ন পূরণ করা হবে। তার স্বপ্ন পূরণে নেতাকর্মীদেরও কাজ করার আহবান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে ডা. মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডা. মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ হোসেন। তিনি আপনাদের গর্ব। তার বাবা ও মা আর নেই। আপনারাই তার অভিভাবক। আপনারা মাহমুদের দিকে খেয়াল রাখবেন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, মরহুম ডা. মোজাম্মেল হোসেনের ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট মনিরুল হক তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
