নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থী বহনকারী ট্রলার ডুবে আহত ৪
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি ট্রলার ডুবে চার এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দেউলবাড়ি খালে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অতনু মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের নির্দেশে দেড় ঘন্টা পরে আহতদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা ছিল। উপজেলার গাওখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই পরীক্ষায় অংশ গ্রহণ করতে মালিখালী ইউনিয়নের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি ট্রলার দেউলবাড়ি খালের কারিকর বাড়ি সংলগ্ন স্থানে ডুবে যায়।
লড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থী রিজার্ভ করা একটি ট্রলারে করে গাওখালী কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় গাওখালী বাজার সংলগ্ন কারিকর বাড়ির কাছে গেলে খালে ডুবে থাকা একটি নারিকেল গাছের উপরে উঠে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা পরীক্ষার্থীরা সাঁতরিয়ে পাড়ে উঠলেও শম্পা মালাকার, সুমা বেপারী, তমা রায়, মিতা নাগ নামে চার ছাত্রী গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফজলে বারী জানান, এ দুর্ঘটনার খবর শুনে সেখানে ৭ জনের একটি চিকিৎসকের টিম পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।
গাওখালী পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও গাওখালী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাফর বাহাদুর দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ওই ট্রলারে থাকা সব পরীক্ষার্থীই ভিজে এবং কম-বেশি পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর আহত চার পরীক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে আহতদের পরে সাড়ে ১১টায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং মানবিক বিষয় বিবেচনা করে শিক্ষা বোর্ডের নির্দেশে তাদের নষ্ট হওয়া দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছে।
