নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের ৩ দিন পর বাবুল মন্ডল (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রামের সমীর মন্ডলের মাছের ঘেরে পাশে হোগলা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবুুল মন্ডল বাগেরহাট জেলার সদর উপজেলার হালিশহর গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত রাত ৮টার দিকে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির ঘটনাস্থল পরিদর্শন করছিলেন এবং পুলিশের লাশ উদ্ধারসহ অন্যান্য কার্যক্রম চলছিল।
নিহতের ভগ্নিপতি মহানন্দ মধু জানান, ২৯ জানুয়ারী বাবুল মন্ডল তার বাড়ি বানিয়ারী গ্রামে বেড়াতে আসে। গত ৬ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে বাবুল মন্ডল মোবাইলে কথা বলতে বলতে ভগ্নিপতি মহানন্দ মধুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় শনিবার দুপুরে নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে পশ্চিম চরবানিয়ারী গ্রামের সমীর মন্ডলের মাছের ঘেরের দক্ষিন পাশের হোগলা ক্ষেতে বাবুল মন্ডলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা মহানন্দকে খবর দেন।
নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাসিম উদ্দিন জানান, নিহতের ভগ্নিপতি মহানন্দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের মুখের নিচে ঠোটের বাম পাশের অর্ধেক অংশ কাঁটা এবং ঘাড়ে আঘাতের চিহ্নিসহ বুকে সিগারেটের ৫টি পোড়া দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে করে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবতীতে তিনি পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে এখনো লাশ উদ্ধারের কাজ চলছে।
