প্রধান সূচি

নাজিরপুরে বাসের আঘাতে নিহত ১ ॥ গ্রেফতার ২

পিরোজপুরের নাজিরপুরে সেবা গ্রীন লাইন পরিবহনের বাসের আঘাতে মো. হানিফ খান (৫০) নামের একজন নিহত ও জয়দেব রায় (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুরে উপজেলার পাতিলাখালী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জয়দেব রায়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিসহ বাসের ড্রাইভার মো. মাছুদুল ইসলাম (৩০) ও হেলপার মো. রাহুল মোল্লা (১৫)কে আটক করেছে। আটক ড্রাইভার মাছুদুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম গ্রামের নয়াপাড়া এলাকার মো. নূর হোসেন প্রধানের ছেলে। হেলপার রাহুল মোল্লা রাজবাড়ি  জেলার দৌলতদিয়া উপজেলার চরকন্দসোনা গ্রামের চান্দু মোল্লার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. ফোরকান মোল্লা ও ইসমাইল  শেখ জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে সেবা গ্রীন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-০০৮৫) নম্বরের বাসটি তার মাল রাখা বক্সটির ঢালা (ঝাঁপ)  জাগানো  অবস্থায় পিরোজপুরের দিকে যাচ্ছিলো। এসময় ওই সড়কের নাজিরপুরের পাতিলাখালী নামক স্থানের টেকনিক্যাল কলেজ সংলগ্ন  দেলোয়ারের চায়ের দোকানের সামনে দাঁড়ানো হানিফ খান ওই বক্সের খোলা ঢালায় মাথায় আঘাত খান।  এসময় তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এর কিছু আগে ওই একই বাসের আঘাতে গুরুতর আহত জয়দেব রায়কে হাসপাতালে নিয়ে আসা একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রতন হালদার জানান, ওই বাসটি তার ঢালা খোলা অবস্থায় পিরোজপুরের দিকে যাচ্ছিলো। এসময় উপজেলার চিথলিয়া শিকদার বাড়ি ব্রীজ সংলগ্ন স্থানে বাসের জন্য দাঁড়িয়ে থাকা জয়দেব রায়ের পিঠে আঘাত লাগলে তিনি গুরুতর আহত  হন।

উল্লেখ্য, সেবা গ্রীন লাইন পরিবহন কোম্পানীর চলাচলকারী বাসগুলো প্রায় প্রতিমাসে ২/৪টি এমন দুর্ঘটনা ঘটায়। স্থানীয়দের দাবী উক্ত পরিবহনের রুট পারমিট বন্ধ করে দেওয়া উচিৎ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ঘাতক বাস এবং বাসের চালক ও হেলপারকে  স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial