প্রধান সূচি

সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে বাঘের মরদেহ উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকা থেকে সোমবার দুপুরে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা। অর্ধেক পঁচন ধরা বাঘটি পরীক্ষা-নিরীক্ষার পর মাটি চাপা দেয়া হবে বলে জানা গেছে।

সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আরেফিন সিদ্দিকি জানান, বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল, এ সময় তাদের আওতাধীন বনের কবরখালী খালের পাড়ে একটি বাঘের মরদেহ দেখতে পায়। বাঘটির পিছনের অংশ পঁচে মাটির সাথে মিশে রয়েছে। তাদের ধারণা বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যাওয়ার পরে পিছনের কিছু মাংস কুমিরে খেয়ে ফেলেছে। বাঘটি পুরুষ না মাদি তা নিশ্চিত হতে পারে নি বন বিভাগ।

বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, যেহেতু বার্ধক্যজনিত কারণে মারা গেছে তাই ময়না তদন্ত ছাড়াই বাঘটি কোকিলমনি টহল ফাঁড়িতে নিয়ে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ঘটনার পাঁচ মাস আগে গত বছরের ২০ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকা থেকে বনে একটি মৃত বাঘ উদ্ধার করে বনরক্ষীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial