বাগেরহাট ২০৩০ সালের মধ্যে সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে
“সাশ্রয়ী জ্বালানী, সমৃদ্ধ আগামী-উন্নত চুলা, উন্নত জীবন” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে বাগেরহাটে ২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাউস হোল্ডিং এনার্জি প্লাট ফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ (স্রেডা)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্রেডা’র প্রকল্প পরিচালক সালিমা জাহান।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসেই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। এ সময় তিনি মুজিব বর্ষকে সামনে রেখে সকল সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাকে লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার আহবান জানান। এছাড়াও প্রত্যেক গৃহিনীকে রান্নার জন্য উন্নত চুলা ব্যবহারের অনুরোধ করেন।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, এডভোকেট পারভীন আহমেদ, বন্ধু চুলার প্রতিনিধি মামুন হাওলাদার প্রমুখ।
