শরণখোলায় মাছের খামারে বিষ প্রয়োগ ॥ ৫ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুটি মাছের খামারে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। বিষক্রিয়ায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার ও বুধবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের রাজ্জাক ফকির এবং তার ভাই বাদল ফকিরের দুটি মাছের খামারে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
মাছের খামারের সব মাছ মেরে ফেলায় হতাশায় পড়েছে দরিদ্র দুই পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাজ্জাক ফকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, বাড়ির সামনে ৫ কাঠা জমিতে গত ৮ বছর ধরে মাছ চাষের পাশাপাশি সবজি চাষ করছেন তারা। মাছের খামারে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লাখ টাকার মাছ ছিল। বিষে সমস্ত মাছ মরে গেছে। দুর্বৃত্তরা সবজির গাছও উপড়ে ফেলেছে।
বাদল ফকিরের ছেলে ফরিদ হোসেন জানান, তাদের মাছের খামারে প্রায় আড়ই লাখ টাকার মাছ মারা গেছে। তারা সোনালী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে খামারে মাছ ছেড়েছিলেন। এখন ব্যাংকের ঋণ পরিশোধের দু:শ্চিন্তায় পড়েছেন তারা।
জানা গেছে, মাস খানের আগে প্রতিবেশী রতন হাওলাদারের পরিবারের সাথে তাদের তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে তারা ঘেরে বিষ দিয়েছে বলে ক্ষতিগ্রস্থ দুই মাছ খামার পরিবারের ধারণা।
শরণখোলা থানার ওসি আব্দুল্লাহ আল সাইদ জানান, ক্ষতিগ্রস্ত দুই মাছ খামারি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
