স্বরূপকাঠীতে প্রত্যন্ত এলাকায় মানবতার দেয়াল
জেলার স্বরূপকাঠী উপজলার সীমান্তবর্তী ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ওয়াজেদিয়া বিদ্যালয়ের রাস্তার পাশে দেয়ালের গায়ে অনেক পুরানো পোশাক ঝুলানো রয়েছে। আর একটু চোখ রাখতেই দেয়ালে একটা ঝুলানো ব্যানারে লেখা ‘মানবতার দেয়াল’। সেখানে আরো লেখা, ‘আসুন সুখগুলো ভাগাভাগি করি। আপনার অপ্রয়োজনীয় জিনিসটি এখানে রেখে যান।’ পাশেই আবার লেখা আছে, ‘আপনার প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে নিয়ে যান’। তখন বিষয়টি বোঝা গেল, এটা হল ‘মানবতার দেয়াল’। যে দেয়ালের সাথে সম্পর্ক থাকবে গরীব ধনী সবার।
উপজেলার সীমান্তবর্তী ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের প্রত্যন্ত এলাকায় এরকম ‘মানবতার দেয়াল’ অনেকের চোখেই এটা প্রথম হবে। ওই মানবতার দেয়ালে ঝুলানো রয়েছে বেশ কিছু পোশাকও। ছবি তুলতেই, স্থানীয়, দুই যুবক এসে দাঁড়িয়ে বললো এটা তাদের উদ্যোগে করা হয়েছে এবং এ কর্মকান্ডে গ্রামে বেশ সাড়াও পড়েছে। তারা বলেন, প্রতিদিনই বেশ কিছু পোশাক আসছে, আবার শীতার্ত অনেক মানুষ পোশাক নিয়েও যাচ্ছেন।
স্থানীয় হিউম্যান ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন ইলুহার ইউনিয়ন শাখার উদ্যেগে এই মানবতার দেয়ালটি তৈরি হয়েছে।
সংগঠনটির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ রুবেল বলেন, গ্রামে অনেক নিম্ন বিত্ত, অসহায় গরীব লোকের বসবাস রয়েছে। পাশাপাশি রয়েছে অনেক বিত্তবান লোকের বসবাস। যাদের রয়েছে দামি দামি অনেক পোশাকাদি। অপরদিকে, ওই অসহায়, নিম্নবিত্তরা যারা চাইলেই পরিবারের চাহিদা অনুযায়ী পোশাকাদি কিনতে পারেন না। আবার অনেকে সরাসরি তাদের কিছু দিতে চাইলেও সামাজিক লজ্জা বোধ মনে করে নিতেও চাননা। তাই অসহায়দের হাতে প্রয়োজনীয় পোশাকগুলো তুলে দিতে এই ‘মানবতার দেয়াল’। এখানে কেউ চাইলে অপ্রয়োজনীয় পোশাক রেখে যাবে। অপরদিকে কারো প্রয়োজন হলে প্রয়োজনীয় পোশাকটি এখান থেকে নিয়ে যাবে।
