ভান্ডারিয়ায় শীতের পোষাক কিনতে মানুষের ভিড়
জেলার ভান্ডারিয়ায় গত কয়েক দিনের কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ কুয়াশা আর শীতের তীব্রতা বেড়ে যওয়ায় বেশি সমস্যা হচ্ছে নিম্নআয়ের মানুষের। তাই তারা তীব্র শীত নিবারণে উপজেলা সদরের হাট-বাজর ছাড়াও গ্রাম পাড়া মহল্লার ফুটপাতের দোকান থেকে গরম পোষাক কিনতে ভিড় জমাচ্ছে।
গতকাল শনিবার ভান্ডারিয়া উপজেলা সদরের স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ের অস্থায়ী ফুটপাতের দোকানগুলোতে পরিবার পরিজনদের জন্য কম দামে গরম পোষাক কিনতে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছ। তবে বেশির ভাগ বয়স্ক ও বাচ্চাদের জন্য কান টুপি, হাত ও পায়ের মোজাই বেশি কিনতে দেখা গেছে।
গত কয়েকদিন ধরে ঘণ কুয়াশার চাদরে ঢাকা ছিল উপজেলার বিভিন্ন এলাকা। সূর্যের মুখ দেখা গেছে বেলা ১১টা ১২টার দিকে। কুয়াশার কারণে বিকেল ৪টা-৫টার মধ্যেই মনে হয় সন্ধ্যা নেমে এসেছে। শীতের কারণে সন্ধ্যা হতে না হতেই বাজার, গ্রাম, পাড়া-মহল্লার রাস্তাঘাট প্রায় জনশূণ্য হয়ে পড়ে। অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া পথে-ঘাটে মানুষ দেখা যায় না। এদিকে শীতের তীব্রতা বাড়ার ফলে শিশু, বৃদ্ধদের ঠান্ডা জনিত রোগের বৃদ্ধি পাচ্ছে।
