প্রধান সূচি

শিগগিরই জেলা-উপজেলায় অ্যাকশন শুরু হবে … ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগে কোনও চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাদক কারবারির ঠাঁই নেই। ঢাকায় শুদ্ধি অভিযানের যে অ্যাকশন শুরু হয়েছে, শিগগিরই তা জেলা-উপজেলা শহরেও শুরু হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা নিজের ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখানোর পলিসি নিয়েছেন।

বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, প্রতীক্ষিত এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও স্বাধীন বিচার ব্যবস্থা বিদ্যমান থাকে। ওই মামলায় সাত জনের ফাঁসির রায়ে জনজীবনে স্বস্তি এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে। এই রায় দেশে জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রতি এক অশনি সংকেত। এটি আমাদের ভবিষ্যৎকে নিরাপদ ও শান্তিময় রাখায় এবং স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল ভারী করার জন্য আপনারা খারাপ লোক, সুবিধাবাদী লোকজনকে ভেড়াবেন না। দলের ভেতরে কোন্দল করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ঘরের ভেতরে ঘর, মশারির ভেতরে মশারি টাঙ্গাবেন না। নেতৃত্বে যাতে মৌসুমি পাখিরা না আসতে পারে সেদিকে নজর রাখবেন। দুর্দিনে এসব মৌসুমি নেতা হিমালয় কৈলাশ পর্বতে পালিয়ে যাবে। তখন পাঁচ হাজার ওয়াটের বাল্ব জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।

ওবায়দুল কাদের বলেন, জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের ১০ প্রভাবশালী রাষ্ট্র নায়কের একজন, দুই জন সেরা প্রধানমন্ত্রীর একজন। গত ৪৪ বছরে সবচেয়ে সৎ রাজনীতিক, দক্ষ শাসক, সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তিনি। তার কর্মী হয়ে আমরা কোনও অপকর্ম করতে পারি না। কেননা, আমাদের একটা আচরণের আবরণে ১০টি উন্নয়নের কাজ ঢেকে যাবে।

তিনি বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যাকান্ডে অভিযুক্ত প্রায় সবাই ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরও তারা রেহাই পায়নি।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল, পারভীন জামাল কল্পনা, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, ইসমাত আরা সাদেক এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, বাবু রণজিৎ রায় এমপি, মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন এমপি, শাহীন চাকলাদার প্রমুখ।

এর আগে বেলুন উড়িয়ে জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য।

সমাবেশ শেষে ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শহিদুল ইসলাম মিলন ও শাহীন চাকলাদারকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial