প্রধান সূচি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সুন্দরবনে তিন দিনের রাস উৎসব বাতিল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠেয় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসরের এবারের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাস উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুন্দরবনের গভীরের দুবলার চরের আলোরকোলে শত বছর ধরে ঐতিহ্যবাহী এই রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। তিথি অনুযায়ী এবার আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই উৎসব আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে নেয়া সম্পন্ন হয়েছিল।
হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মনে করে, তাদের দেবতা শ্রীকৃষ্ণ এখানে এসে পুণ্যস্নান করেছিলেন। তাই বহু বছর ধরে তারাও তা করে আসছে। ধর্মীয় ভক্তি শ্রদ্ধায় হিন্দু সম্প্রদায়ের লোকজন গত প্রায় দুই যুগ ধরে জাঁকজমকভাবে পালন করে আসছেন দুবলার চরের এই রাস উৎসব। উৎসবটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হলেও এটি এখন সব ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। রাস উৎসব ও পুণ্যস্নান ঘিরে প্রতিবছর ২৫ থেকে ৩০ হাজার তীর্থযাত্রী, দর্শনার্থী ও পর্যটক সুন্দরবনের বঙ্গোপসাগর তীরবর্তী দুবলার চরের আলোরকোলে জড়ো হন। আলোরকোলে সাগর তীরের ওই উৎসবকে ঘিরে মেলা ও উৎসবের আয়োজন হয়ে আসছে প্রায় দেড়শ বছর ধরে। এলাকাটি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্চের অর্ন্তগত এবং সংরক্ষিত বনাঞ্চল। উৎসবে যেতে তাই বন বিভাগের অনুমতি নিতে হয়।
দুবলার চর রাশ উৎসবা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদ্বীপ কুমার বসু ও সহ-সভাপতি বাবুল সরদার বলেন, জনমালের নিরাপত্তার বিবেচনায় পুর্ণার্থী, পুজারী ও দর্শনার্থীদের এবার দুবলার রাস উৎসবে যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ বলা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বড় ধরণের দুর্যোগের আশঙ্কায় এবারের রাস উৎসব বাতিল ঘোষনা কর হয়েছে। তবে উৎসব না হলেও সংক্ষিপ্ত পরিসরে মন্দিরে পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওই সভায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলার নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, রেড ক্রিসেন্ট, সিপিপিসব বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব ছাড়াও দুবলার বিভিন্ন চরে শুটকি মৌসুমকে ঘিরে কয়েক হাজার জেলে অবস্থান করছেন। সেখানে জেলেদের জন্য ৩টি সাইক্লোন শেল্টার আছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দুবলার চরের শুকটি পল্লীর জেলেদের নিরাপদে সরিয়ে নেওয়া চেষ্টা চলছে। এজন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের দ্বীপ দুবলরা চর আলোরকোলে আড়াই শত বছরের বেশি সময় ধরে নভেম্বর মাসের রাস পূর্ণিমায় সনাতন হিন্দুরা এই রাস উৎসব পালন করে আসছে। প্রথম দিকে এই উৎসবের কোনও নিয়ন্ত্রন বা আইনী নিয়মনীতি মানা হতো না। ৭৫ সালের পর বন বিভাগের তত্ত্বাবধানে এবং সুন্দরবনে মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি এবং মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে জিয়াউদ্দিনের মৃত্যুর পর গত তিন বছর ধরে বন বিভাগের মাধ্যমেই এই উৎসব পালিত হচ্ছে। প্রতিবছর এখানে দেশি-বিদেশী লক্ষাধিক লোকের মিলনমেলায় পরিণত হয় সুন্দরবনের তিন দিনের রাস উৎসব।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলা প্রশাসন ও মেলা আয়োজন কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবার রাস উৎসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial