স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামী মো. রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট খান মো. আলাউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, হত্যাকান্ডের ৭/৮ বছর পূর্বে সাতক্ষীরা জেলার তালা থানার সুবাসিনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে আসমা বেগমের সাথে খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে রেজাউল এর সাথে (উভয়ের দ্বিতীয়) বিয়ে হয়। বিয়ের পর পিরোজপুর শহরের মাছিমপুরের বলাকা ক্লাব সংলগ্ন গাজীবাড়ী রোডের রুবেল তালুকদারের বাসায় স্ত্রী আসমাকে নিয়ে শ্রমিক রেজাউল ভাড়াটিয়া হিসেবে বসববাস করত। গত ২০১৬ সালের ২২ অক্টোবর রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া সেরে তারা উভয়ই ঘুমিয়ে পড়ে। রেজাউল পারিবারিক কলহের জের ধরে ঐ রাতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আসমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরেরদিন ভোর বেলায় শ্রমিক সর্দার এসে তাদের ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে চেয়ে দেখেন গৃহিনী আসমার রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে আছে। তার ডাক-চিৎকারে বাড়ীর মালিকসহ স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে স্বামী রেজাউলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
