কেন্দ্রীয় ও স্থানীয় সরকার থেকে প্রাপ্ত অর্থের হিসাব দিতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের নানা বরাদ্দ ও অনুদানের অর্থে প্রাথমিক বিদ্যালয়ের সমূহের অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন কাজ সাধিত হয়। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের হিসাব দানের ব্যবস্থা থাকা আবশ্যক। বরাদ্দকৃত অর্থের যথাযথ সদ্ব্যবহারের ব্যত্যয়ে বিদ্যালয়ের ছাদ ও দেয়ালের প্লাস্টার খুলে পড়ে কোন শিক্ষার্থী আহত বা নিহত হওয়ার ঘটনা কাম্য নয়। যদিও ভা-ারিয়ায় এ জাতীয় অনাকাঙ্খিত ঘটনা কখনই ঘটেনি।
সোমবার দুপুরে পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষা বিভাগ এবং ভবন নির্মাণ কর্তৃপক্ষ অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ বা মেরামতের ক্ষেত্রে সম্মিলিতভাবে দায়িত্বপ্রাপ্ত। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের মনোযোগী, নিষ্ঠাবান, আন্তরিক থাকতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক। এ হিসাব ইহকাল-পরকাল সব সময়ই দিতে হয়। সময় বা সরকার পরিবর্তন হলে দেখা যায় কাজে দুর্নীতি বা অনিয়ম-আত্মসাতের দায়ে মামলা-মোকদ্দমার উদ্ভব হয়। বর্তমানে বাংলাদেশে কেন্দ্রীয় সরকারের হাতে অর্থের অভাব নাই। এ অর্থ যথাযথভাবে ব্যয় করাই হচ্ছে মূখ্য বিষয়। এ ব্যয়ের ক্ষেত্রে কোন ধরণের শৈথিল্য, অপচয়, আত্মসাৎ, দুর্নীতি আদৌ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আমাদের দেশের পাঠ্য-পুস্তক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে জীবনের কর্মক্ষেত্রে ব্যবহার উপযোগী শিক্ষার প্রচলন দরকার। আমরা সকলে মিলেমিশে কাজ করলে সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে। ভা-ারিয়াসহ এ অঞ্চলে দীর্ঘ ৩৪ বছর আমরা যে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছি তার সুফল দৃশ্যমান। এই সাফল্যকে ধরে রাখতে আমাদের স্বপ্ন দেখতে হবে, যাতে আরও বেশী বেশী অর্জন হয়।
ভা-ারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিগণ বক্তব্য রাখেন। এরপর আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভা-ারিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এখানে তিনি বলেন, যেকোন মূল্যে ভা-ারিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ক্ষেত্রে তিনি পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এ সভায় সভাপতিত্ব করেন।
এরপর ভা-ারিয়া পৌরসভা গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে এক সভায় আনোয়ার হোসেন মঞ্জু এমপি বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে ভা-ারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা-শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, জেপি নেতা ইউসুুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষা উপকরণ এবং নারী সংগঠনের নেত্রীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিওভূক্তি হওয়ায় আয়োজিত এক দোয়া ও শোকরানা মোনাজাতে অংশ নেন।
