প্রধান সূচি

নাজিরপুরে দুই মাস পর অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পার্শ্ববর্তী স্বরূপকাঠী থানার জগদপট্টি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় জাহিদুল ইসলাম সাগর নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা গোলাম রাব্বানী বাদী হয়ে শনিবার বিকেলে আটক জাহিদুল ইসলাম সাগর ও রফিক নামে দুজনকে আসামী করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, অপহৃত সাবিকুন নাহার লামিয়া উপজেলার লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রসার দশম শ্রেণীর ছাত্রী এবং অভিযুক্ত জাহিদুল ইসলাম সাগর পেশায় একজন রাজমিস্ত্রী। সে জেলার স্বরূপকাঠী উপজেলার জগদপট্টি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। কয়েক মাস আগে জাহিদুল ইসলাম সাগর ওই ছাত্রীর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে আসে। এ সময় মাদরাসায় আসা-যাওয়ার পথে সে (জাহিদুল ইসলাম সাগর) ওই ছাত্রীকে নানা ধরণের কুপ্রস্তাব দিতো। এ ঘটনা ওই ছাত্রী তার বাবাকে জানালে তিনি অভিযুক্ত সাগরসহ তার সহযোগী রফিককে তার মেয়েকে বিরক্ত করতে নিষেধ করলে তারা ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। পরে গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে ওই ছাত্রী তার ফুফু বাড়ীতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে উপজেলার বৈঠাকাটা টেম্পু ষ্ট্যান্ডে মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পর শনিবার মেয়েটির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সহায়তার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অভিযুক্ত জাহিদুল ইসলাম সাগরকে আটক করলেও রফিক পালিয়ে যায়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পেয়ে থানার একটি মামলা রুজু করা হয়েছে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ প্রধান আসামী জাহিদুল ইসলাম সাগরকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial