ইন্দুরকানীতে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীর ধাক্কাধাক্কি ॥ পুলিশসহ আহত-৪
পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় মোটর সাইকেলের কাগজপত্র চেক করার সময় এক ছাত্রলীগ কর্মীর সাথে পুলিশের ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে। এ সময় এক এএসআই ও এক পুলিশ কনষ্টেবলসহ ৪জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইন্দুরকানী থানার এসআই মোনমথর নেতৃত্বে এএসআই আব্বাস, শাহাদাৎ হোসেন এবং কনষ্টেবল তোফায়েল উপজেলার কলেজ মোড় এলাকায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করছিলেন। এসময় বালিপাড়া এলাকা থেকে মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আলাউদ্দিন খানের ছেলে তৌকির ও আহাদ দুটি মোটর সাইকেল নিয়ে আসছিল। পুলিশ তাদেরকে থামাতে বললে তারা ওই স্থানে না থামিয়ে একটু দুরে গিয়ে থামায়। তখন পুলিশের এএসআই আব্বাস ছাত্রলীগ কর্মী তৌকিরের কাছে কাগজপত্র দেখতে চাইলে সে উত্তেজিত হয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পুলিশের এএসআই আব্বাস, কনষ্টেবল তোফায়েল, ছাত্রলীগ কর্মী তৌকির ও তার ভাই আহাদ আহত হয়। পুলিশ তাদের কাজে বাঁধা দেয়ার অপরাধে ঘটনাস্থল থেকে মোটর সাইকেল চালক ছাত্রলীগ কর্মী তৌকিরকে আটক করে। আটক তৌকির ইন্দুরকানী কলেজ ছাত্রলীগের একজন কর্মী।
ইন্দুরকানী থানার এসআই আব্বাস জানান, মোটর সাইকেলের কাগজপত্র চাইলে মোটর সাইকেলের চালক তৌকির আমার উপর হামলা করে, তাতে আমিসহ এক কনষ্টেবল আহত হই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান জানান, তৌকির ইন্দুরকানী কলেজ ছাত্রলীগের একজন কর্মী।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে তৌকির নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
