স্বরূপকাঠীতে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূ আহত
জেলার স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠি গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পারভীন (৩৫) নামে এক গৃহবধূর শ্বাস নালীসহ শরীরের বিভিন্ন অংশ পুঁড়ে গেছে।
শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, অলংকারকাঠি গ্রামের মো. মাসুমের স্ত্রী পারভীন বাড়ীর পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই খানে বিদ্যুতের খুঁটি কাত হয়ে মাটিতে ঝুলে থাকা তারে জড়িয়ে সে গুরুতর আহত হন। ডা. মেহেদী বলেন, তার অবস্থা গুরুতর। শ্বাস নালীসহ মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
সর্বশেষ তথ্যে জানা গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
