জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে সনাকের মতবিনিময় সভা
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় সোমবার দুপুরে সদর উপজেলার শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, ওয়েব পোর্টাল বিষয়ক নিয়মিত নোটিশ বোর্ড হালনাগাদকরণ, উপবৃত্তি তালিকাভুক্তির শর্ত দৃশ্যমান স্থানে টানানো, উপবৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রদর্শন, এসএমসি’র সক্রিয়তা বৃদ্ধি, সদর উপজেলার সকল স্কুলে ‘সক্রিয় মা কমিটি’ গঠন ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য ও সনাক সদস্য প্রফেসর আব্দুল জলিল আকন। সভা সঞ্চালনা করেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি.এম. মাজহারুল আলম।
