ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগী স্বরূপকাঠী হাসপাতালে ভর্তি
ঢাকায় বসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যয় মেটাতে কষ্টসাধ্য হওয়ায় নুরুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছেন। ওই ডেঙ্গু রোগীর বাড়ী স্বরূপকাঠী উপজেলার সদর ইউনিয়নের রাহুতকাঠি গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান তার ডেঙ্গু রোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকায় বসে গ্যাংগ্রিনের কারণে নুরুল ইসলামের একটি পা কেটে ফেলা হয়। তার কিছু দিন পর নুরুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছু দিন চিকিৎসা শেষে তার শরীরে ডেঙ্গু রোগ সনাক্ত হয়। অর্থনৈতিক সমস্যার কারণে ঢাকাতে চিকিৎসা নিতে না পেরে স্বরূপকাঠী এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
ডা. আসাদুজ্জামান জানান, তাকে যথাযথ চিকিৎসা দেওয়াসহ সার্বক্ষনিক খোঁজ খবর নেয়া হচ্ছে।
