পিরোজপুরে ছেলে ধরা গুজব বিরোধী পুলিশের সভা
ছেলে ধরা সংক্রান্ত কথিত গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বুধবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে পিরোজপুরে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক নাসিম আলী, সাংবাদিক মাহমুদ হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, ব্যবসায়ী নেতা গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, আব্দুল হাই হাওলাদার, শ্রমিক নেতা মজনু তালুকদার, মো, হান্নান সেখ, আলমগীর হোসেন, কুমার শুভ রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক।
সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া একটি ফৌজদারী অপরাধ। তারপরেও যদি কারো সন্দেহ হয়, তবে সাথে সাথে নিকটস্থ থানায় জানান অথবা ৯৯৯ নম্বরে জানালে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবে। কিন্তু কেউ যদি এই গুজবকে পুঁজি করে পিরোজপুরের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেন তার পরিনাম ভয়াবহ হবে। কোন মতেই বাংলাদেশের উন্নয়নের ধারাকে গুজব দিয়ে রোধ করা যাবে না। গুজবে কাউকে গনপিটুনী দিলে তার সংখ্যা ১ কিংবা ১০০ যাই হোক না কেন ? সবাইকেই আইনের আওতায় আনা হবে। সোশ্যাল মিডিয়াতে গুজব শেয়ার দিলে বা এ নিয়ে বিভ্রান্তি ছড়ালে তাদের জায়গা হবে কারাগারে। এসময় তিনি সবাইকে সচেতন ও গুজব প্রতিরোধে জেলা পুলিশকে তথ্য দেয়ার আহব্বান জানান।
সভা শেষে পুলিশের পক্ষ থেকে পথচারী ও সাধারণ জনগণের মাঝে গুজব সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
