কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ভোট আজ
আজ বৃহস্পতিবার জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করেছেন। এরা হলেন- জাতীয় পার্টি (জেপি)’র এলিজা সাঈদ (বাইসাইকেল), নজরুল ইসলাম (চশমা), গিয়াস উদ্দিন পলাশ (আনারস), এইচ.এম. রেজাউল করীম খাকন (স্বতন্ত্র)।
ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে সব কয়টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ছাড়াও ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্যে ভোট কেন্দ্রগুলোতে বুধবার পৌঁছানো হয়েছে নির্বাচনী সামগ্রী। রিটানিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।
প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার ছাড়াও ৬ পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশের ষ্ট্রাইকিং ফোর্স ২টি, পুলিশের মোবাইল টিম ৯টি, র্যাবের মোবাইল টিম ১টি ও ২ প্লাটুন বিজিবি সারাক্ষণ টহলে থাকবেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপ-নির্বাচনে ইউনিয়নের সবক’টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
