পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছর কারাদন্ড
পিরোজপুরে সাগর মিত্র (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।
রবিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ কারাদন্ড দেন। সাগর মিত্র ঝালকাঠি সদর উপজেলার খেজুরা গ্রামের কেশব মিত্রের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে ডিবি পুলিশের একটি দল পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সাগর মিত্রকে গ্রেফতার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তাজউদ্দিন মানিক বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে সাগর মিত্র ও সুশীল বেপারির বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। আভিযোগ প্রমাণিত না হওয়ায় সুশীল বেপারীকে বেকসুর খালাস দেওয়া হয়। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন।
