মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদ ও আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আল-গায্যালী ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হাবিবুল্লাহ বাবু হত্যার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের বাবা মৎস্য শ্রমিক খালেক হাওলাদার, মা হেরিয়া বেগম, বড় ভাই মাদ্রাসা ছাত্র মো. মিজানুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই ও হত্যা মামলার বাদী মো. মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. হাবিবুল্লাহ বাবু (১৪)কে ঢেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দারুলহুদা গ্রামের কঁচা নদীর পড়ের বাড়ির এক খন্ড জমি নিয়ে বিরোধের জেরে তাদের প্রতিপক্ষ সোহেল হাওলাদার, তার ছেলে হৃদয় হাওলাদার, নাসির ফরাজী, তার ছেলে জুবায়ের ফরাজী, সেলিমসহ তাদের লোকজন গত ২ মে সন্ধ্যার পর হাবিবুল্লাহ বাবুকে শ^াসরোধ করে হত্যা করেছে। নিহত হাবিবুল্লাহ বাবু বাড়ির কাছে আল-গায্যালী কামিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
মামলার বাদী জানান হত্যাকান্ডের দু’মাস অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার হয়নি। উপরন্ত আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার বাবা-মাকে হুমকি দিচ্ছে। তাদের অভিযোগ আসামীরা প্রকাশ্যে চলাফেরা করলেও অজ্ঞাত কারণে গ্রেফতার হচ্ছে না। এমনকি ভান্ডারিয়া থানা পুলিশও বাদী পক্ষ ও মামলার স্বাক্ষীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলছে।
