পিরোজপুরে মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুরের চুঙ্গাপাশা গ্রামে বৃহস্পতিবার দুর্গাপুর-চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রিপন শেখ (২৮) নামের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি জানান, ভোট চেয়ে লিফলেট বিতরণের সময় প্রতিদ্বন্দ্বি দুই প্যানেলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পিরোজপুর জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন হাওলাদার , রিপন শেখ, জাহিদ সিকদার, সাকিল হাওলাদার, তুর্য্য গাজী, তন্ময় গাজী প্রমুখ আহত হন।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম কলিম জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার ৪০ বছর পর প্রথমবারের মতো সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিক্ষুব্ধ ছিল। তারা নির্বাচন বন্ধের জন্য উস্কানী দিয়ে এই সংঘর্ষ বাঁধিয়েছে। এ উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসীদেরও জড়ো করা হয়। তিনি জানান, মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর এ বছরই সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি একটি পকেট কমিটি গঠন করে মাদ্রাসা পরিচালনা করতেন।
স্থানীয় একটি সূত্র জানায়, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি নির্বাচনে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি এবং নোমান মৃধা সমর্থিত দুটি প্যানেল অংশ গ্রহণ করছে। নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে টার দিকে দুই গ্রুপের সমর্থদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার এস আই মো. মনিরুজ্জামান জানান, নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়। তবে এতে নির্বাচনের কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোন মামলা হয় নি।
উল্লেখ্য, নির্বাচনে ৩৯৯ জন অভিভাবক ভোটার রয়েছে। নির্বাচনে ৫ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন।
