নুসরাত হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যার ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে পিরোজপুরসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব এর সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বজনের সমন্বয়ক ও উদীচীর সাধারণ সম্পাদক এ. বি. এম খালিদ আবু।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বজন সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোল্লা লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশন এর চাইল্ড প্রটেকশন অফিসার রুমা ফ্রান্সিসকা শিকারী, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর প্রতিনিধি ইসরাত জাহান মমতাজ, স্বজন সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন এবং সনাক পিরোজপুরের সহ-সভাপতি এম. এ রব্বানী ফিরোজ।
বক্তরা এ সময় বলেন, অবিলম্বে নুসরাত হত্যার ন্যায়বিচার করে এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। খালেদা আক্তার হেনা বলেন এ ঘটনা যেন আবার সাগর-রুনি ও তনু হত্যার মত না হয়। প্রধানমন্ত্রীর আশ^াসের প্রতি শ্রদ্ধা রেখে অতি শীঘ্রই নুসরাত হত্যাকান্ডের বিচার কার্যকর করার দাবি জানান।
টিআইবি ও সনাক পিরোজপুর আয়োজিত এ মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পিরোজপুর প্রেসক্লাব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি. এম. মাজহারুল আলম ।
