প্রধান সূচি

নিজেদের ভাগ্য পরিবর্তন নিশ্চিত করতে জনগণকে অধিকার সচেতন হতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হবে ততদিন তাদের ভাগ্য উন্নয়ন হবে না। সরকার যে উন্নয়ন বরাদ্দ দেয় তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাই মুখ্য। এ ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ দিতে পারে, কিন্তু তার বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় জনগণের।
সোমবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমি এই উপজেলায় ৭/৮ বছর ধরে আসা-যাওয়া করি এবং পর পর দু’বার সংসদে এ এলাকার প্রতিনিধিত্ব করছি। এই সময় কালে মানুষের মধ্যে রাজনীতির কথা না বলে তাদের শক্তি সঞ্চয় করতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। বাস্তবে সরকারি বরাদ্দ ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয় না। ৪০ শতাংশ কাজ সম্পাদন করাই দুরূহ। জনগণ সচেতন, সক্ষম ও শক্তিশালী না হলে উন্নয়ন কাজ আদায় করা কঠিন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিগত ৩৪ বছর ধরে সংসদে থেকে এবং ১৭ বছর সরকারে থেকে আমি বলার চেষ্টা করেছি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতির ক্ষেত্রে স্বাধীনতার আগে এবং পরের রাজনীতির পার্থক্য অনুধাবন করা না গেলে স্বাধীনতার সুফল লাভ করা যাবে না। বর্তমান সরকার কাজের সরকার। এ সুযোগকে সদ্ব্যবহার করে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের আরও বেশী উদ্যোগী হতে হবে।
ইন্দুরকানীর নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মতিউর রহমান এ সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেপি নেতা শাহীন হাওলাদার, জেপি নেতা ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, জেপি নেতা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার প্রমুখ।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি সোমবার বিকেলে কঁচানদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ২৩ কিলোমিটার বেড়ীবাঁধ নির্মাণের অগ্রগতির কাজ স্পিডবোটে পরিদর্শন করেন। এ প্রকল্পটি ইন্দুরকানী, ভান্ডারিয়া ও সদর উপজেলায় বাস্তবায়নাধীন। এ সময় তাঁর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ, ভান্ডারিয়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ।
ইন্দুরকানী উপজেলায় আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিভিন্ন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসব নির্মাণ কাজ হচ্ছে পত্তাশী ইউনিয়নের ঘোষের হাট গোডাউন হতে দক্ষিণ কালাইয়া কেয়ার রোড ভায়া দক্ষিণ ইন্দুরকানী গার্লস হাইস্কুল সড়ক, বালিপাড়া ইউপি হতে চর বলেশ^র হাট ভায়া ফকিরহাট সড়ক, বালিপাড়া ইউনিয়নের চন্ডীপুর বাঁশগাড়ি খাল পুনর্খনন কাজ এবং বাংলাদেশ জলবায়ূ ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে পত্তার্শী পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ। এসব নির্মাণ কাজের উদ্বোধন শেষে আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial