পিরোজপুরে মাদককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
পিরোজপুরে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা মাদককে লাল কার্ড এবং দেশপ্রেমকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, জঙ্গীবাদ, যৌন হয়রানী, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিরোধ এর লক্ষ্যে এ শপথ করানো হয়।
বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্চাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে জেলার ৬টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় শিক্ষার্থীরা সমাজের নানা সম্যাসা নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রশ্ন করেন। জেলা প্রশাসক সমস্যা সমাধানের পরামর্শ ও শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন।
স্বেচ্ছাসেবী সংস্থা লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, গুরুজনদের সম্মান, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখানো হয় এবং মাদক, জঙ্গীবাদ, যৌন হয়রানী, ইভটিজিং এবং বাল্য বিবাহকে লাল কার্ড দেখানো হয়।
উপস্থিত শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এই লাল সবুজের পতাকার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে যে যার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবার শপথ গ্রহণ করে।
অংশ নেয়া বিদ্যালয়গুলো হচ্ছে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কিয়ামউদ্দীন উচ্চ বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ওয়ালিদ শেখ সাগর, সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত ও সহ-সাংগঠনিক সম্পাদক নাসিফ জাহাঙ্গীর।
