পিরোজপুরের পুলিশ কর্মকর্তার গাড়ীর চাপায় আহত কচুয়ার মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ীর ধাক্কায় আহত বাগেরহাটের কচুয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসি।
বুধবার দুপুরের নিহত মাদ্রাসা শিক্ষকের নিকটাত্বীয় মতিয়ার রহমান জানান, নিহত মো. রুহুল আমীন কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের মৃত আ. হাসেম শেখের ছেলে এবং পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক দাখিল মাদ্রাসায় সিনিয়র মৌলভী। গত রবিবার ৩টার দিকে মাদ্রাসা থেকে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পাঁচপাড়া বাজার এলাকায় পিছন দিক থেকে আসা পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মইনুল হোসেন এর বহনকারী গাড়ীটি ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। তার মাথায় হেলমেট থাকলেও মাথায় প্রচন্ড আঘাত পায় এবং কাধের হাড় ও ডান পায়ের হাটুর নিচে ভেঙ্গে যায়।
পরে ওই পুলিশ কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় আহত রুহুল আমীনকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওখানেও অবস্থার অবনতি হলে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ মার্চ রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মতিয়ার রহমান আরো বলেন, আমার ভগ্নিপতির মৃত্যুর পর আমি ও ওই মাদ্রাসার সিনিয়র মৌলভী হান্নান পুলিশ কর্মকর্তার সাথে দেখা করেছি। তিনি আমাদের মরহুমের লাশের দাফন সম্পন্ন করার জন্য বলেন এবং পরে বিষয়টি নিয়ে কথা হবে বলে জানিয়ে দেন।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাদ্রাসা শিক্ষক মো. রুহুল আমীনের মৃত্যুতে পরিবারের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এনিয়ে এলাকাবাসির মাঝে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
