প্রধান সূচি

বাগেরহাট জেলা সমবায় অফিসের তদন্তের সময় হামলার অভিযোগ

বাগেরহাট জেলা সমবায় কার্যালয়ে কুলিয়াদাইড় মৎস্যজীবী সমিতির অভ্যন্তরীন তদন্তের সময় বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা সমবায় কার্যালয়ে ওই সমিতির সদস্য জগদিশ চন্দ্র দাসের উপর এ হামলা ঘটনা ঘটে। পরে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জগদিশ চন্দ্র দাস বলেন, কিছু বুঝে ওঠার আগেই বহিরাগতরা তার উপর হামলা চালায়। তারা দেশে থাকতে দেবে না এমন হুমকিও দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কুলিয়াদাইড় মৎস্যজীবি সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা অভিযোগ করে জানান, সমিতির কতিপয় সদস্য বহিস্কার ও পাল্টা বহিস্কার সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে বুধবার তারা জেলা সমবায় কার্যালয়ে আসেন। তদন্তের শেষ দিকে বিষ্ণুপুর ইউপি ২নং ওয়ার্ড সদস্য রেজাউল মেম্বরের নেতৃত্বে একদল লোক ওই কার্যালয়ের বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা অফিসের ভিতরে প্রবেশ করে সমিতির সদস্য জগদিশ চন্দ্র দাসের উপর হামলা চালায়। তারা পুর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী জানান, ইউপি চেয়ারম্যান হিসেবে তাকে ওই তদন্তের সময় উপস্থিত থাকতে বলা হলে তিনি ওই অফিসে আসেন। তবে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

তদন্ত কর্মকর্তা ও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো. আমান উল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র সমিতির সদস্যদের তদন্তের জন্য ডাকা হয়েছিল। ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী উপস্থিত হলে তাকে অফিসের ভিতর অন্য কক্ষে বসতে অনুরোধ জানানো হয়। তদন্তের শেষে বহিরাগতরা ভিতরে প্রবেশ করে এই অনাকাংখিত ঘটনা ঘটায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial