ভান্ডারিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ভান্ডারিয়ায় রবিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহায়তায় “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করে স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উদ্যোগে জনসচেতনতায় প্রচারণার অংশ হিসেবে অগ্নিকান্ড নির্বাপন, টু হুইলার মোটর সাইকেলে জরুরী অগ্নি নির্বাপন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বহুতল ভবনে আটকে পড়া আহত মানুষদের উদ্ধার করে অতিদ্রুত ফায়ার এ্যাম্বুলেন্সে হাসপাতালে প্রেরণ বিষয়ে মহড়া দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্ট্রেশন অফিসার কাঞ্চন আলী মৃধা, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার, শিক্ষক শফিকুল আযাদসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
