বাগেরহাটে দখলমুক্ত হলো হজিরকাটা সরকারী খাল
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশেমপুর গ্রামের হজিরকাটা নামের একটি সরকারী রেকডীয় খাল দখল মুক্ত হয়েছে। রবিবার সকালে স্থানীয় ইউপি সদস্য আ. সত্তার মোল্লার সহযোগিতায় বাগেরহাট সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইসহাক উদ্দিন ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে খালটি দখল মুক্ত করা হয়।
এর আগে খালটি দখল মুক্ত করার জন্য স্থানীয় ইউপি সদস্য আ. সত্তার মোল্লা ও গ্রামবাসি সম্মিলিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন। কুলিরজোড় নদী থেকে শুরু করে হজি নদী পর্যন্ত কাশেমপুর গ্রামের পাশ দিয়ে তিন কিলোমিটার লম্বা এই সরকারী খালটি। দীর্ঘ কয়েক বছর ধরে একটি প্রভাবশালী মহল খাটিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সরকারী এই খালটি দখল করে বেড়িবাঁধ দিয়ে বেআইনীভাবে মাছ চাষ করে আসছিলো। তাদের ভয়ে গ্রামের অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পায় নি। এতে অত্র গ্রামের কয়েকহাজার মানুষ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ঘেরের ও ফসলের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে জানান গ্রামের খেটে খাওয়া মানুষ।
খালটি দখলমুক্ত হওয়ায় হজিরকাটা খালের দুপাশের মানুষের মধ্যে যেমন স্বস্তির হাওয়া নেমে এসেছে তেমনি অনেকেই আবার চিন্তায় রয়েছে কখন আবার খালটি ঐ প্রভাবশালী মহলের হাতে চলে যায়।
এ বিষয়ে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান জানান, হজিরকাটা নামের একটি সরকারী রেকডীয় খাল দখল মুক্ত হয়েছে। এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা বাঁধ দিয়ে মাছ চাষ করতো। এ রকম বেআইনী কার্যক্রমে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
