পিরোজপুরে মাদক ব্যবসায়ী নেছারের ১৫ বছর কারাদন্ড
পিরোজপুরে নেছার উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ বছর কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।
নেছার উদ্দিন পিরোজপুর পৌরসভার শেখপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং পিরোজপুর পৌরসভার কাউন্সিলর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম বাতেনের ছোট ভাই।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ আগস্ট রাতে পিরোজপুর পৌরসভার শেখপাড়ায় নেছার উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ নেছার উদ্দিনকে ১ হাজার ২৩০টি ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই বিকাশ চন্দ্র দাস বাদী হয়ে নেছার উদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৬ সালের ২৩ নভেম্বর পিরোজপুর সদর থানার এসআই আল মামুন আটক নেছার উদ্দিন শেখ ও সাপা দত্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি নেছার উদ্দিনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় সাপা দত্তকে খালাস দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন শাহ আলম।
