উপজেলা পরিষদ নির্বাচন
নাজিরপুরে গুরু শিষ্যের লড়াই
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিক্ষা ও রাজনৈতিক গুরুর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে শিষ্য। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তার শিষ্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট দ্বীপ্তিশ চন্দ্র হালদার।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, ৪র্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট দ্বীপ্তিশ চন্দ্র হালদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের চলমান কমিটির প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলা যুবসংহতি সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা বেগমসহ ৭ জন মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন শাহারিয়ার ফেরদাউস রুনা, অঞ্জলি শিকদার, মোসাম্মাৎ স্বপ্না বেগম, আলো শিকদার, দীপালী রানী মল্লিক ও নয়ন রানী হাওলাদার।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা নাজিরপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবে যে হবে এ উপজেলা উন্নয়নের রুপকার। সততার সাথে নিজেকে সাধারণ মানুষের উন্নয়নে নিবেদিত এবং সৎ শিক্ষিত মেধাবী একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে।
জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অমূল্য রঞ্জন হালদার বলেন, দল যেহেতু আমার ওপর আস্থা রেখেছে. আমি সেই আস্থার মর্যাদা রাখতে চাই। দলীয় নেতাকর্মীদের অকুন্ঠ সমর্থন ও এলাকাবাসীর আর্শিবাদ নিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবো।
স্বতন্ত্র প্রার্থী এডভোকেট দ্বীপ্তিশ চন্দ্র হালদার বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে দল থেকে কোন বাধা নিষেধ না থাকায় দলীয় মনোনয়ন না পেয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়ন দাখিল করেছি। দলের অনেকের সাথেই আমি যোগাযোগ করেছি, তাদের সাড়াও পাচ্ছি। তাছাড়া দলের একটি বড় অংশ আমার সাথে রয়েছে। আমি তাদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবো এবং শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবো।
