প্রধান সূচি

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই … গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই। একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে সু-শিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা অবক্ষয়ের দিকে নিয়ে যায় সে শিক্ষা শিক্ষা  নয়।

শনিবার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ .ম রেজাউল করিম বলেন, একজন আদর্শ শিক্ষক হয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিন। পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে। তা’নাহলে ছাত্ররা বিপদগামী হয়ে যেতে পারে। একটি সন্তান বিপদগামী হলে কিম্বা অপরাধের সাথে জড়িত হয়ে পড়লে তার মা-বাবার দুঃখের আর শেষ থাকে না। এক্ষেত্রে তিনি সন্তানের দিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতিও আহবান জানান।

মন্ত্রী বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব হল এলাকার উন্নয়নে কাজ করা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করা, ঠিকাদারি কাজ ও টিআর-কাবিখার কাজে কমিশন নেওয়া সংসদ সদস্যদের কাজ নয়। এ অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বিগত দিনে পিরোজপুর, নাজিরপুর, স্বরূপকাঠী উপজেলার টিআর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচির টাকা, শিক্ষক নিয়োগ, দপ্তরী নিয়োগে ঘুষ গ্রহনসহ অনেক ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। তাই সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে, আমার কেউ ঘুষ নিবো না, কেউ দুর্নীতি করবো না। পিরোজপুর থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও ইভটিজিং এর মতো অপরাধ দূর করতে হবে। আর এজন্য দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পিরোজপুরের উন্নয়নের জন্য মেগা প্রোজেক্ট গ্রহণ করা হবে। উপজেলা ভিত্তিক অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ করা হবে। উন্নয়ন বঞ্চিত এলাকাকে গুরুত্ব দিয়ে প্রকল্প নেয়া হবে।

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কলেজ মাঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহম্মদ সালাম কবির পিপিএম, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক।

বক্তব্য রাখেন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্র সংসদের ভিপি এসএম বায়েজিদ হোসেন, সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক মন্ডলী, সংবাদিকবৃন্দ, কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial