দলীয় প্রতিপক্ষের হামলায়
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক আহত
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে রবিবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিতরে একই দলের কতিপয় সদস্য বেদম প্রহার করে আহত করেছে। তাকে রক্তাক্ত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিকের মাথা, পেট, দুই হাত ও এক পায়ের পাতা ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে।
অনিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।
এ হামলার ঘটনায় রাহেল, সাব্বির ও সাজ্জাদ নামে ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ আটক করেছে।
অনিকের পিতা আক্তারুজ্জামান ফুলু ও প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, দুপুর ২ টার দিকে মোটর সাইকেলে অনিক কলেজে গেলে প্রতিপক্ষ ৪/৫টি মোটর সাইকেল যোগে পিছু পিছু গিয়ে হামলা চালিয়ে আহত করে। কলেজের সিসিটিভিতে দেখা যায় প্রধান ফটক দিয়ে অনিক কলেজে ঢোকার ৩/৪ মিনিট পর আক্রমণকারীরাও একই পথে আসে। এরপর একজন মোবাইল ফোনধারী ফটক আটকিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আক্রমণকারীদের সংখ্যা ছিল ২০/২৫জন। এদের মধ্যে ছাত্রলীগের জেলা, কলেজ, পৌর ও ওয়ার্ড শাখার সাবেক ও বর্তমান কয়েকজন নেতা-কর্মী রয়েছে। অনিকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় সিটিস্ক্যান করার জন্য রবিবার সন্ধ্যায় এ্যাম্বুলেন্স যোগে খুলনায় পাঠানো হয়েছে।
অনিকের পিতা আক্তারুজ্জামান ফুলু জানান, এই ঘটনায় জড়িতের বিরুদ্ধের থানায় মামলার প্রস্তুতি চলছে।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, অনিকের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কলেজের ভিডিও ফুটেজ নেয়া হয়ছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
